দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বে লিওনেল মেসি ও রেকর্ড যেন সমার্থক শব্দ। ক্যারিয়ারের শেষভাগেও তার জাদুকরী বাঁ পায়ের ছন্দ এতটুকু ম্লান হয়নি। বরং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সোকারের প্রতি ম্যাচেই নতুন ইতিহাস লিখে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
কানাডার টরেন্টোতে এবার দেখা গেল আরেকটি ‘মেসি শো’। ইন্টার মিয়ামির ৪-২ গোলের জয়ে টরেন্টো এফসির বিপক্ষে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এমএলএসে দ্রুততম ১০০ গোল অবদানের রেকর্ড গড়েছেন মেসি।
এর আগে এই রেকর্ড ছিল ইতালিয়ান ফরোয়ার্ড সেবাস্তিয়ান জিওভিনকোকে দখলে। এমএলএসে ১০০ গোল অবদান রাখতে তার লেগেছিল ৯৫ ম্যাচ। সেখানে মেসি মাত্র ৬৪ ম্যাচেই মাইলফলক স্পর্শ করে নতুন মানদণ্ড স্থাপন করেছেন। অর্থাৎ ৩১ ম্যাচ কম খেলেই রেকর্ডটি নিজের করে নিলেন বর্তমান বিশ্বকাপজয়ী অধিনায়ক।
রেকর্ড গড়ার ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান মেসি।
শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় মিয়ামি। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৪৪ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে জাল খুঁজে নেন রদ্রিগো ডি পল। চলতি মৌসুমে এটি ছিল তার তৃতীয় গোল। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।
বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে সফরকারীরা। ৫৬ মিনিটে মাঝমাঠ থেকে মেসির নিখুঁত পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ।
৭৩ মিনিটে আবারও মেসির জাদু। তার অ্যাসিস্ট থেকে মিয়ামির জার্সিতে নিজের প্রথম গোল করেন সার্জিও রেগুইলন। এরপর ৭৫ মিনিটে ডি পলের সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাস আদান–প্রদানের পর ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন মেসি। এটি চলতি মৌসুমে তার নবম গোল।
শেষ দিকে টরন্টো দুটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না।
এই জয়ে অ্যাওয়ে ম্যাচে নিজেদের দাপট ধরে রাখল ইন্টার মিয়ামি। এখন পর্যন্ত প্রতিপক্ষের মাঠ থেকে ১৯ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে মেসির দল। আগামী বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি।
কেএম